যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় দুই স্থানে গুলিবর্ষণ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM ৫০
দক্ষিণ আফ্রিকায় দুই স্থানে গুলিবর্ষণ, নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার পৃথক দুই এলাকায় বন্দুক হামলায় প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। শনিবার রাতে জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপের একটি পানশালা এবং রোববার ভোরে কেপটাউনের কাছে লাওয়ান্দলের একটি দোকান হামলার লক্ষ্যবস্তু হয়। দুই ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানোর কথা জানিয়েছে দেশটির পুলিশ।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে গাওটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলা এক্সটেনশন ৩ এলাকায় প্রথম হামলা ঘটে। প্রত্যক্ষ ঘটনাক্রমের বর্ণনায় পুলিশ জানায়, বন্দুকধারীরা প্রথমে পানশালার বাইরে থাকা লোকজনের দিকে গুলি ছোড়ে। এরপর তারা ভেতরে প্রবেশ করে সেখানে থাকা ব্যক্তিদের লক্ষ্য করেও গুলি চালায়।

ওই ঘটনায় ১৭ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও ১৫ জন। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হামলার সময় কয়েকজন গ্রাহককে তল্লাশি করে তাঁদের মোবাইল ফোন নিয়ে যায় হামলাকারীরা। পরে দুটি গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। যাওয়ার সময় আরও দুটি গাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, হামলায় আটজন সন্দেহভাজন জড়িত থাকতে পারে। তাদের হাতে একে-৪৭ রাইফেল ও পিস্তল ছিল বলে জানা গেছে। হামলার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের কথাও জানায়নি পুলিশ।

ক্যাপ্টেন টিন্টসওয়ালো সিবেকো বলেন, সন্দেহভাজন আটজনকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা শাখা ও বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে। ওয়েডেলার ঘটনায় ১৭টি হত্যা, ১৫টি হত্যাচেষ্টা এবং সম্পত্তি ক্ষতির অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ।

এর কয়েক ঘণ্টা পর কেপটাউনের কাছে লাওয়ান্দলের একটি দোকানে আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। রোববার মধ্যরাতের পর ওই হামলায় অন্তত ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। এ ঘটনায়ও একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাম্প্রতিক সময়েও দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওয়েডেলা ও লাওয়ান্দলের হামলার কয়েক দিন আগে ডারবানের কাছাকাছি একটি বাড়িতে পার্টি চলাকালে গুলির ঘটনায় ১১ জন নিহত হন। তাঁদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন।

দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধের উচ্চ হার দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যার ঘটনাও দেশটিতে নিয়মিত ঘটে। জননিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ওপর চাপ রয়েছে এবং বড় শহরগুলোতে সশস্ত্র অপরাধ ঠেকাতে পুলিশ অভিযান জোরদার করেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!