যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ফ্লাইদুবাই যাত্রীদের নিতে ইসরায়েলি সামরিক বিমান নামার অনুমতি দেয়নি সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ PM ৩৯
ফ্লাইদুবাই যাত্রীদের নিতে ইসরায়েলি সামরিক বিমান নামার অনুমতি দেয়নি সৌদি

সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের বিমান। ছবি: সংগৃহীত

দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণের পর সেখানে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফেরাতে সামরিক বিমান পাঠানোর অনুমতি চেয়েছিল ইসরায়েল। তবে সৌদি আরব সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বলে দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী যাত্রীদের ফিরিয়ে নিতে সি-১৩০জে সুপার হারকিউলিস পরিবহন বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকায় রিয়াদ ওই বিমান প্রবেশের অনুমতি দেয়নি।

পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ফ্লাইদুবাইয়ের নিজস্ব ব্যবস্থায় যাত্রীদের দেশে ফেরানোর সিদ্ধান্ত হয়। বিমান সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি যাত্রীরা ফ্লাইদুবাইয়ের বিমানে করেই পরবর্তী যাত্রা সম্পন্ন করেন।

এর আগে বুধবার ফ্লাইটটিতে গুরুতর এক ঘটনা ঘটে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, সহ-পাইলট মূল পাইলটকে ছুরিকাঘাত করে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেন। পরে যাত্রী ও ক্রুরা তাকে নিয়ন্ত্রণে আনেন। আহত পাইলট ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হলে অন্য পাইলটরা বিমানের নিয়ন্ত্রণ নেন এবং সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন।

ঘটনার পর কয়েক ঘণ্টা তাবুকে অবস্থান করেন যাত্রীরা। পরে ফ্লাইদুবাইয়ের একটি বিকল্প বিমানে তারা তেল আবিবের উদ্দেশে রওনা হন এবং নিরাপদে ইসরায়েলে পৌঁছান।

সৌদি আরবের সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের সামরিক বিমান পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যানের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ফলে এ সিদ্ধান্তের বিষয়ে রিয়াদের আনুষ্ঠানিক ব্যাখ্যা এখনও প্রকাশ্যে আসেনি।

সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে এখনো কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করার উদ্যোগ চালিয়ে যাচ্ছেন। তবে রিয়াদ দীর্ঘদিন ধরে বলে আসছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে সুস্পষ্ট অগ্রগতি ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো চুক্তিতে তারা যাবে না।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমে সৌদি ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে সাম্প্রতিক বৈঠকের খবর প্রকাশিত হলেও সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তা অস্বীকার করেছেন। নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সৌদি এক কর্মকর্তার সঙ্গে বৈঠকের যে খবর প্রকাশিত হয়েছিল, সেটিও তিনি প্রত্যাখ্যান করেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!