ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের সবকটিতেই বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ সব পদে তাদের নিরঙ্কুশ জয় হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আবু রেজা ফজলুল হক বাবলু এবং সহকারী প্রিসাইডিং অফিসার সাজ্জাদুর রহমান আকন। রিটার্নিং অফিসারের দায়িত্বে ছিলেন জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক (অ্যাডহক কমিটি) অ্যাডভোকেট আব্দুল বারি।
ঘোষিত ফলাফলে সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে অ্যাডভোকেট মো. নূরুল হক ৫৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পান ২১১ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট এটিএম মাহবুব উল আলম পান ৬০ ভোট।
এ ছাড়া সহসভাপতি, সহসম্পাদক, অডিটর এবং সদস্য পদসহ অন্যান্য সব পদেও একই প্যানেলের প্রার্থীরা জয়ী হন। ফলে ১৫টি পদের সবকটিতেই বিএনপিপন্থি আইনজীবীদের সমর্থিত প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করে।
নির্বাচনে মোট ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুইটি প্যানেলের মধ্যে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
আইনজীবী সমিতি নির্বাচন বিএনপিপন্থি জয় ময়মনসিংহ নির্বাচন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!