যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ PM ৬১
প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময় বাড়ল, আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত

ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত পাসপোর্টের তথ্য সংশোধন করে নতুন পাসপোর্ট ইস্যু বা পুনঃইস্যুর আবেদন করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা সহজ ও নিরবচ্ছিন্ন রাখতে এই সময়সীমা বাড়ানো হয়েছে।

নতুন সুবিধার আওতায় যেসব প্রবাসীর পাসপোর্টে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম বা অন্যান্য তথ্যের ভুল রয়েছে, তারা সংশোধিত তথ্যের ভিত্তিতে পাসপোর্ট আবেদন করার সুযোগ পাবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে জারি করা আদেশের মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছিল। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে যেসব প্রবাসী নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টের তথ্য সংশোধনের আবেদন করতে পারেননি, তারা নতুন সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।

সংশোধিত তথ্যসহ পাসপোর্ট পাওয়ার মাধ্যমে প্রবাসীরা বৈধ ভ্রমণ, চাকরি, বসবাসের অনুমতি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম আরও সহজে সম্পন্ন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!