যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

দেশ গড়ার সময় এখন, অস্থিরতা নয় উন্নয়ন প্রয়োজন: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৪:৫২ PM

১০
দেশ গড়ার সময় এখন, অস্থিরতা নয় উন্নয়ন প্রয়োজন: তথ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশ পুনর্গঠন ও উন্নয়নের কাজে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, বর্তমানে দেশের প্রধান প্রয়োজন রাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া। এ সময়ে অযথা অস্থিরতা বা সংকট তৈরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের নতুন সংকট তৈরি হলে সরকার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। তবে কেউ পরিকল্পিতভাবে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে জাতীয় স্বার্থে সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদই রাজনৈতিক মতপার্থক্য ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সমাধানের প্রধান ক্ষেত্র। সংসদের মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ থাকলেও কিছু রাজনৈতিক পক্ষ এখনো রাজপথের কর্মসূচিকে বেশি গুরুত্ব দিচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, দেশের তরুণ সমাজকে বিভ্রান্তি থেকে বেরিয়ে এসে রাষ্ট্র ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। তাদের শক্তি ও মেধাকে দেশের উন্নয়ন কাজে ব্যবহার করা প্রয়োজন। তিনি আরও বলেন, রাজনৈতিক আন্দোলন বিভিন্ন দলের কর্মসূচির অংশ হতে পারে। তবে দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক চর্চার মাধ্যমে একটি কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার চেষ্টা করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নানা ষড়যন্ত্র করা হয়েছে।

আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে রাজনৈতিক নেতা, সাংবাদিক, আলোকচিত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!