ছবি : সংগৃহীত
ফুটবলারদের কাছে বিশ্বকাপ জয়ের স্মৃতি সাধারণত সবচেয়ে মূল্যবান সম্পদের একটি। তবে সেই স্মারকই এবার বিক্রি করে দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার বেঞ্জামিন মেন্দি।
২০১৮ সালের বিশ্বকাপজয়ী ফরাসি দলের সদস্য মেন্দি নিজের পাওয়া বিশ্বকাপ ট্রফির অফিসিয়াল রেপ্লিকা নিলামে বিক্রি করেছেন। যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান গোল্ডিনের ‘গ্লোবাল ফুটবল অকশন পার্ট ২’-এর মাধ্যমে ট্রফিটি ৬২ হাজার ডলারে বিক্রি হয়।
শুধু বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাই নয়, ফাইনাল জয়ের পর সতীর্থ পল পগবার কাছ থেকে পাওয়া একটি মূল্যবান আংটিও নিলামে বিক্রি করেছেন তিনি।
শুক্রবার রাতে নিজের স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে এ বিষয়ে পোস্ট করেন মেন্দি। সেখানে রসিকতার সুরে তিনি বলেন, “এটা কি আমার ট্রফি নাকি আপনাদের ট্রফি? এটা আমার জিনিস, তাই আমি যা চাই তাই করতে পারি। তাছাড়া এটি ক্যাবিনেটে অনেক জায়গা দখল করছিল।”
নিলামের সনদপত্রও প্রকাশ করেছেন এই ফরাসি ডিফেন্ডার। তিনি জানান, ট্রফিটির নিচের অংশে সামান্য ক্ষয় ছিল। পাশাপাশি তার কাছে আরও কিছু স্মারক রয়েছে বলেও জানান মেন্দি।
৩২ বছর বয়সী বেঞ্জামিন মেন্দি বর্তমানে পোল্যান্ডের ক্লাব পোগোন শেজেসিনে খেলছেন। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অংশ ছিলেন তিনি।
তবে বিশ্বকাপ জয়ের পর তার ক্যারিয়ারে নানা বাধা আসে। ২০২১ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে খেলার সময় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার পর তিনি মুক্তি পান। এরপর থেকে শীর্ষ পর্যায়ের ফুটবলে আগের অবস্থানে ফিরতে পারেননি এই ডিফেন্ডার।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!