যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

গোপনে বিয়ে করছেন রোনালদো? জর্জিনাকে ঘিরে নতুন জল্পনা

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:৪৭ PM

১২
গোপনে বিয়ে করছেন রোনালদো? জর্জিনাকে ঘিরে নতুন জল্পনা

ছবি : সংগৃহীত

পর্তুগালের ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে চলতি সপ্তাহেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বলে দাবি করেছে কয়েকটি সংবাদমাধ্যম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কথিত নিমন্ত্রণপত্রকে ঘিরে এই জল্পনার সূত্রপাত। সেখানে রোনালদো ও জর্জিনার বিয়ের অনুষ্ঠানের উল্লেখ করা হয়েছে। পর্তুগালের স্থানীয় সংবাদমাধ্যম একটিভির প্রতিবেদনে দাবি করা হয়, ১ আগস্ট পর্তুগালের একটি সৈকতসংলগ্ন ঐতিহাসিক দুর্গে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, অতিথি তালিকায় ফুটবল বিশ্বের বেশ কয়েকজন তারকা থাকার কথা বলা হয়েছে। তাদের মধ্যে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, রিও ফার্দিনান্দ, প্যাট্রিক এভ্রা ও রডরিগোর নাম রয়েছে। এছাড়া সংগীতশিল্পী রিহানা ও সাংবাদিক পিয়ার্স মরগানের মতো ব্যক্তিত্বদের নামও আলোচনায় এসেছে।

তবে ছড়িয়ে পড়া নিমন্ত্রণপত্রটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, কার্ডটির বিভিন্ন সংস্করণে অনুষ্ঠানের সময় নিয়ে অসঙ্গতি দেখা গেছে। কোথাও বিকেল ৫টা, আবার কোথাও দুপুর ২টার সময় উল্লেখ করা হয়েছে।

কিছু ইউরোপীয় সংবাদমাধ্যম এই খবরকে শুধুই গুঞ্জন হিসেবে দেখছে। অন্যদিকে, রোনালদোর ঘনিষ্ঠ সূত্রের বরাতে কিছু সংবাদমাধ্যম দাবি করছে, বিয়ের পরিকল্পনা থাকলেও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর বিয়ের পরিকল্পনা রয়েছে তার। ২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ।

রিয়াল মাদ্রিদে খেলার সময় স্পেনের একটি গুচি স্টোরে কাজ করতেন জর্জিনা। সেখানেই তাদের পরিচয় হয়। এরপর দীর্ঘদিনের সম্পর্কের মাধ্যমে তারা পরিবারের অংশ হয়ে ওঠেন। বর্তমানে রোনালদো ও জর্জিনা সন্তানদের নিয়ে সময় কাটাচ্ছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!