দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্ট (মিড)-এর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ৩৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫০ জন সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত জুলাই ২০২৬ মাসের সাংবাদিক নির্যাতন পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘটেছে প্রাণনাশের হুমকির ঘটনা। মোট ৩৯টি ঘটনার মধ্যে ১৯টি ছিল হুমকিসংক্রান্ত, যা মোট ঘটনার প্রায় ৪৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া ১১টি ঘটনায় শারীরিক হামলা, ছয়টি ঘটনায় মামলা বা আইনি হয়রানি এবং তিনটি ঘটনায় গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
গবেষণায় দেখা গেছে, সাংবাদিক নির্যাতনের অধিকাংশ ঘটনাই ঘটেছে জেলা ও উপজেলা পর্যায়ে। মোট ঘটনার ৯১ দশমিক ৪ শতাংশ অর্থাৎ ৩২টি ঘটনা ঘটেছে মফস্বল এলাকায়। রাজধানী ও মহানগর এলাকায় ঘটেছে সাতটি ঘটনা।
মিডের প্রতিবেদনে বলা হয়, সংবাদ প্রকাশে বাধা দিতে এবং সাংবাদিকদের ভয়ভীতি দেখাতে সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে প্রাণনাশের হুমকি। পাশাপাশি হামলা, মামলা ও অন্যান্য হয়রানির মাধ্যমেও সাংবাদিকদের চাপের মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এসব ঘটনার সঙ্গে স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক পক্ষ, ভূমিদস্যু, অবৈধ বালু ব্যবসায়ী, মাদক কারবারি এবং কিছু ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
দুর্নীতি ও অনিয়ম প্রকাশ, রাজনৈতিক সংঘাতের সংবাদ সংগ্রহ এবং প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়াকে সাংবাদিক নির্যাতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে মিড।
গবেষণা অনুযায়ী, ৩৯টি ঘটনার মধ্যে ১৮টিতে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে মামলা হয়েছে মাত্র পাঁচটি ঘটনায় এবং গ্রেপ্তার হয়েছেন দুইজন অভিযুক্ত। অধিকাংশ ঘটনায় কার্যকর বিচারিক অগ্রগতি না থাকায় দায়মুক্তির প্রবণতা বাড়ছে বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান বলেন, মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে কাজ করছেন। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!