ছবি : সংগৃহীত
ইতালির তৃতীয় বৃহত্তম শহর নেপলসে ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর নেপলসের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ট্রেন ও মেট্রো যোগাযোগে বিঘ্ন ঘটে এবং কয়েকটি ভবনে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপলসের পশ্চিমে অবস্থিত ক্যাম্পি ফ্লেগ্রি এলাকায়। ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্রস্থল।
নেপলস ফায়ার সার্ভিস জানিয়েছে, ভূমিকম্পে বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এটি সাম্প্রতিক সময়ে নেপলসে অনুভূত শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি।
ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে ইতালির ইতিহাসে এর আগেও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে। ১৯৮০ সালে দেশটিতে ৬ দশমিক ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছিল।
এ ছাড়া ২০১৬ সালে মধ্য ইতালিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে প্রায় ৩০০ মানুষ প্রাণ হারান। সেই ঘটনার পর দেশটির ভূমিকম্প প্রস্তুতি ও অবকাঠামো নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!