ছবি : সংগৃহীত
মুখের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য ধরে রাখতে অনেকেই নিয়মিত গ্রুমিং করেন। দাড়ি-গোঁফ ছাঁটার পাশাপাশি অনেকে নাকের বাইরে বেরিয়ে থাকা চুলও কেটে ফেলেন। তবে চিকিৎসকদের মতে, নাকের চুল শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি শরীরের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থার অংশ।
বিশেষজ্ঞরা বলছেন, নাকের ভেতরের সূক্ষ্ম চুল বা সিলিয়া বাতাসের সঙ্গে প্রবেশ করা ধুলাবালি, পরাগরেণু, ব্যাকটেরিয়া ও বিভিন্ন ক্ষতিকর কণা আটকে দেয়। এর ফলে এসব উপাদান সহজে শ্বাসনালি ও ফুসফুসে পৌঁছাতে পারে না।
তাই নাকের চুল পুরোপুরি তুলে ফেলা শরীরের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করে দিতে পারে।
নাকের চুল উপড়ে ফেললে কেন ঝুঁকি বাড়ে
অনেকে চিমটি দিয়ে নাকের চুল তুলে ফেলেন বা ওয়াক্সিং করেন। চিকিৎসকদের মতে, এ ধরনের অভ্যাস নিরাপদ নয়। কারণ চুল উপড়ে ফেললে নাকের ভেতরের রোমকূপে ক্ষত তৈরি হতে পারে। নাকের ভেতরের আর্দ্র পরিবেশে এসব ক্ষত থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে।
চিকিৎসাবিজ্ঞানে নাক ও ঠোঁটের মাঝের অংশকে ‘ট্রায়াঙ্গেল অব ডেথ’ বলা হয়। এই অঞ্চলের রক্তনালির সঙ্গে মস্তিষ্কের সংযোগ থাকায় এখানে গুরুতর সংক্রমণ হলে বিরল ক্ষেত্রে তা জটিল আকার ধারণ করতে পারে।
নাকের চুল বেশি বড় হলে কী করবেন
যদি নাকের চুল বাইরে থেকে দেখা যায় এবং অস্বস্তিকর লাগে, তাহলে পুরোপুরি তুলে ফেলার প্রয়োজন নেই। নিরাপদ উপায় হলো শুধু অতিরিক্ত অংশ ছেঁটে ফেলা। এ জন্য ইলেকট্রিক নোজ হেয়ার ট্রিমার ব্যবহার করা যেতে পারে। এটি চুল টেনে না তুলে কেবল বাড়তি অংশ কেটে দেয়, ফলে নাকের ত্বক ও রোমকূপের ক্ষতির আশঙ্কা কম থাকে।কাঁচি ব্যবহার করতে হলে গোল মাথাযুক্ত সেফটি সিজার ব্যবহার করা উচিত। ধারালো সাধারণ কাঁচি ব্যবহারে নাকের সংবেদনশীল ত্বকে আঘাত লাগার ঝুঁকি থাকে।
কতটুকু নাকের চুল কাটবেন
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, নাকের গভীরে থাকা চুলে হাত না দেওয়াই ভালো। শুধু বাইরে বেরিয়ে থাকা অংশটুকু ছোট করে ছেঁটে নিলেই যথেষ্ট। এতে পরিচ্ছন্ন দেখানোর পাশাপাশি শরীরের প্রাকৃতিক ফিল্টার ব্যবস্থাও কার্যকর থাকে।
ট্রিমার ব্যবহারে পরিচ্ছন্নতা জরুরি
নাকের চুল কাটার যন্ত্র ব্যবহারের আগে ও পরে ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। অপরিষ্কার ট্রিমার বা কাঁচি ব্যবহারে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। একই যন্ত্র একাধিক ব্যক্তি ব্যবহার না করাই ভালো।
বিশেষজ্ঞরা মনে করেন, গ্রুমিংয়ের উদ্দেশ্য শুধু সুন্দর দেখানো নয়, বরং শরীরের স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থাকে বজায় রাখাও জরুরি। তাই নাকের চুল সম্পূর্ণ তুলে না ফেলে প্রয়োজন অনুযায়ী কেবল অতিরিক্ত অংশ ট্রিম করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!