হত্যাকাণ্ডের ঘটনাস্থল । ছবি : সংগৃহীত
রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগানের আল-আমিন রোডের কিচেন গলি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রী এবং তাঁর মা ফিরোজা বেগম।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, পারিবারিক একটি বিষয় নিয়ে স্বামী হৃদয় ও স্ত্রী রাত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন রাত্রীর মা ফিরোজা বেগম।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ সময় হৃদয় ধারালো অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী রাত্রীকে আঘাত করেন। পরে শাশুড়ি ফিরোজা বেগমকেও আঘাত করা হয়।
ঘটনাস্থলেই ফারজানা আক্তার রাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত হৃদয় নিজেই কলাবাগান থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, ব্যবহৃত অস্ত্র এবং হত্যাকাণ্ডের পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!