ছবি : সংগৃহীত
রাঙামাটি শহরের আসামবস্তী ব্রাহ্মণটিলা এলাকায় একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শনিবার (১ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের উদ্যোগে শহরের বনরূপা সিএনজি স্টেশন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে কাঁঠালতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বাগান মালিক খলিলুর রহমানের কাছে কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করেছিলেন। দাবি পূরণ না করায় শুক্রবার রাতে বাগানের প্রায় ৮০০টি পেঁপে গাছ কেটে ফেলা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
ক্ষতিগ্রস্ত বাগান মালিক খলিলুর রহমান জানান, গত ২২ ও ২৩ জুলাই তার বাগানের কেয়ারটেকারের কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে তার মোবাইল নম্বরও চাওয়া হয়েছিল। নম্বর দিতে অস্বীকৃতি জানালে বাগান পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, গত মঙ্গলবার দুই ব্যক্তি বাগানে এসে তার খোঁজ করেন। এরপর বৃহস্পতিবার রাতে বাগানের ১ হাজার ৮০০টি গাছের মধ্যে প্রায় ৮০০টি কেটে ফেলা হয়।
খলিলুর রহমান বলেন, এ ঘটনায় তিনি রাঙামাটি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজু সভাপতিত্ব করেন। এ সময় জেলা পরিষদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় নেতা হাবিব আজমসহ স্থানীয় নেতাকর্মী, বাগান মালিক ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আহ্বান জানান তারা।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!