ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) নাসিক ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন পুকুরের পানিতে অর্ধগলিত অবস্থায় মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা করে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে কোনো এক সময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ পচে যাওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!