যুক্তরাষ্ট্র   শনিবার ১ আগস্ট ২০২৬,১৬ শ্রাবণ ১৪৩৩

পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:২১ PM

পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন

ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি পদে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন।

শনিবার (১ আগস্ট) ভুটানে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে কাজী সালাউদ্দিন একমাত্র প্রার্থী থাকায় কোনো ভোটাভুটি ছাড়াই তাকে আগামী মেয়াদের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।

সাফের গঠনতন্ত্র অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা নির্ধারিত পদের সমান বা কম হলে কংগ্রেসের অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা যায়। এই নিয়ম অনুসারেই ৭১ বছর বয়সী কাজী সালাউদ্দিন আবারও সাফের নেতৃত্বে থাকার সুযোগ পেয়েছেন।

২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করছেন সাবেক এই ফুটবলার ও ক্রীড়া সংগঠক। তবে বয়সসীমার কারণে এবার তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে সভাপতির পদে বয়সসংক্রান্ত বাধ্যবাধকতা তুলে নেওয়া হলে তার নির্বাচনে অংশগ্রহণের পথ সহজ হয়।

গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন করে ৭০ বছর বয়সের সীমা বাতিল করা হয়। এর ফলে আবারও সাফের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার সুযোগ পান সালাউদ্দিন।

এদিকে নতুন কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বাফুফের সহসভাপতি সাব্বির আহমেদ আরেফ। প্রথমবারের মতো তিনি সাফের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেলেন।

নির্বাচনে অন্যান্য পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লাবে সহসভাপতি এবং মালদ্বীপের হুসাইন শাফিউ নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!