প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন
যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী আগামী সপ্তাহের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। একই সঙ্গে দুই দেশের সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতার নতুন পর্যায়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি জানান, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি খাত এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ ও গ্যাস খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও মার্কিন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দেশের বেসরকারি খাতের বিকাশ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি, শিল্পায়ন বৃদ্ধি এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা কমাতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম সহজ করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোতে ২৪ ঘণ্টা সেবা চালুর বিষয়েও আলোচনা হয়েছে। এই ব্যবস্থা চালু হলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে, ব্যবসায়িক খরচ কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা বাড়বে।
ড. মাহদী আমিন জানান, একই দিনে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। সেখানে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা কাটিয়ে রাষ্ট্রীয় সেবার মান উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরাতে সরকার কাজ করছে। আন্তর্জাতিক সহযোগিতা ও বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে এসব উদ্যোগ আরও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!