যুক্তরাষ্ট্র   রবিবার ২ আগস্ট ২০২৬,১৭ শ্রাবণ ১৪৩৩

ঢাকা-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ০৫:১৫ PM

১২
ঢাকা-কক্সবাজার রুটে চলতি মাসেই চালু হচ্ছে আরও একজোড়া ট্রেন

ছবি : সংগৃহীত

পর্যটননগরী কক্সবাজারের সঙ্গে রাজধানী ঢাকার রেল যোগাযোগ আরও সহজ করতে চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শনিবার (১ আগস্ট) কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

রেলপথ প্রতিমন্ত্রী বলেন, পর্যটক ও সাধারণ যাত্রীদের বাড়তে থাকা চাহিদার কথা বিবেচনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হবে। এতে এ রুটে যাত্রীদের যাতায়াত আরও সহজ, আরামদায়ক ও সুবিধাজনক হবে।

তিনি বলেন, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্টেশনের সব সুবিধা পূর্ণাঙ্গভাবে চালু এবং উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

হাবিবুর রশিদ বলেন, দেশের রেল যোগাযোগব্যবস্থা আধুনিক ও সম্প্রসারিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কক্সবাজার আইকনিক রেলস্টেশনের অবকাঠামো, যাত্রীসেবা কেন্দ্র, অপেক্ষমাণ কক্ষ, নিরাপত্তাব্যবস্থা, পরিচ্ছন্নতা, টিকিটিং কার্যক্রম এবং চলমান উন্নয়নকাজ ঘুরে দেখেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে যাত্রীসেবার মান উন্নয়ন, স্টেশনের রক্ষণাবেক্ষণ এবং দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হওয়ায় আইকনিক রেলস্টেশনকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও আধুনিক সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা হবে।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার রেলওয়ের স্টেশন ম্যানেজার জয়নাল আবেদিন, রেল মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!