ছবি: সংগৃহীত
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সংসদ ভবনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ আগস্ট।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তৎপরতা বেড়েছে। গত ৯ আগস্ট ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বিএনপির সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলের একাধিক জ্যেষ্ঠ নেতার নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। তাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে।
এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও আলোচনায় এসেছে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির পাশাপাশি এখন সবার নজর মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাইয়ের দিকে।
রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন কমিশন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!