যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬,২ আশ্বিন ১৪৩৩

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে সমন্বিত নীতিমালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৬, ০৬:১১ PM ৪৭
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আসছে সমন্বিত নীতিমালা

ছবি: সংগৃহীত

সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ এলাকায় চলাচলকারী তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

একই সঙ্গে এসব যানবাহনের নিবন্ধন, লাইসেন্স প্রদান এবং চলাচল নিয়ন্ত্রণে একটি সমন্বিত কর্তৃপক্ষ নির্ধারণের পরিকল্পনাও নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বিদ্যমান বিধিমালা সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব বিষয় উঠে আসে। সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভাপতিত্ব করেন।

সভায় নগরীতে যান চলাচলে শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং ই-রিকশার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ই-রিকশা ব্যবস্থাপনা নিয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি নীতিমালা তৈরির কাজ চলছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে এই নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব হলে নগরীর যানজট কমানোর পাশাপাশি সড়কে যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিরাপত্তা বাড়ানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে ই-রিকশার লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রম নিয়মের মধ্যে আনা হলে যানবাহনগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে। একই সঙ্গে নিবন্ধন ও লাইসেন্স থেকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

তিনি জানান, সিটি করপোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ—সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আওতায় ই-রিকশা ব্যবস্থাপনার জন্য একটি সমন্বিত লাইসেন্সিং কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ জন্য বিদ্যমান বিধিমালা প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। নতুন ব্যবস্থায় ই-রিকশার নিবন্ধন, চালকের লাইসেন্স এবং চলাচল ব্যবস্থাপনায় আরও স্পষ্টতা আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন এবং চালকদের লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরির জন্য ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬’-এর কয়েকটি ধারা ও তফসিল ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

এর আগে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৫’ জারি করা হয়। পরে ১৭ ডিসেম্বর বিধিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান ই-রিকশা ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ মতামত দেন।

সভায় ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি করপোরেশন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন সমন্বিত নীতিমালা কার্যকর হলে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও লাইসেন্সিং প্রক্রিয়া এক কাঠামোর আওতায় আসার পাশাপাশি কোথায় এবং কীভাবে এসব যান চলাচল করবে, সে বিষয়ে আরও সুসংগঠিত ব্যবস্থা তৈরি হতে পারে।

ব্যাটারিচালিত রিকশা ই-রিকশা ই-রিকশা নীতিমালা ব্যাটারিচালিত রিকশা নিবন্ধন রিকশার লাইসেন্স

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!