যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

৬ মাসে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক: প্রতিমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৫ PM ৪১
৬ মাসে মালয়েশিয়ায় যাবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক: প্রতিমন্ত্রী

ছবি:সংগৃহীত

 আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এই জনশক্তি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।

রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমানের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের শ্রমবাজার, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে আলোচনা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। প্রস্তাবিত প্রায় দুই লাখ কর্মীর মধ্যে ১০ হাজার শ্রমিক কোনো ধরনের খরচ ছাড়াই নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ দিকে পর্যায়ক্রমে শুরু হতে পারে। পরবর্তী ছয় মাসের মধ্যে নির্ধারিত শ্রমিকদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় আট লাখ নিবন্ধিত বাংলাদেশি শ্রমিক রয়েছেন। এর বাইরে কিছু বাংলাদেশি শ্রমিক অনিবন্ধিত অবস্থায় আছেন। তাদের নিবন্ধনের আওতায় আনার বিষয়েও মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

শ্রমিক নিয়োগের পাশাপাশি বাংলাদেশে মালয়েশিয়ার সম্ভাব্য বিনিয়োগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। ইলেকট্রিক ভেহিক্যাল (EV), সৌর প্যানেলের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি এবং হালাল খাদ্য খাতে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তুতি চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এসব বিনিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হতে পারে।

বৈঠকে মালয়েশিয়ার সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রযুক্তি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে পলিমার মডিফাইড বিটুমিন বা রাবারাইজড বিটুমিন ব্যবহারে বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সম্মতি জানিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তার ভাষ্য, অতিবৃষ্টিপ্রবণ পরিবেশেও মালয়েশিয়ার সড়ক তুলনামূলকভাবে টেকসই থাকার পেছনে তাদের সড়ক নির্মাণ প্রযুক্তির ভূমিকা রয়েছে। রাবার ব্যবহার করে সড়কের কার্পেটিংয়ের প্রযুক্তি বাংলাদেশে কাজে লাগানো গেলে রাস্তার স্থায়িত্ব বাড়ানো সম্ভব হতে পারে।

বৈঠকে বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সচিব মো. শহিদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক বিদেশে কর্মসংস্থান বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!