ছবি:সংগৃহীত
চলতি বছরের জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগস নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার প্রশংসা করে নির্বাচনটিকে বিশ্বের অন্যতম বড় ও সফল নির্বাচন হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসির জ্যেষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক করেন স্টিফেন রড্রিগস। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন।
স্টিফেন রড্রিগস বলেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সামনে নতুন ভবিষ্যতের সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচন আয়োজন করলেও জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও অংশীদার হিসেবে সহযোগিতা করতে পেরে ইউএনডিপি সন্তুষ্ট বলেও জানান তিনি।
তিনি জানান, বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং প্রয়োজন অনুযায়ী ইউএনডিপি ও জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো কীভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, নির্বাচনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতার বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের প্রয়োজন ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। কমিশন কোথায় এবং কখন সহায়তা প্রয়োজন তা নির্ধারণ করবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন, সরকার, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব।
বাংলাদেশের জাতীয় নির্বাচন ইউএনডিপি জাতীয় নির্বাচন টার্নিং পয়েন্ট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!