ছবি: সংগৃহীত
সীমান্ত হত্যা, চোরাচালান, মাদকপাচার ও পুশ-ইন বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সীমান্ত রক্ষায় বিজিবির দায়িত্ব পালনের প্রশংসা করেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে বিজিবি মহাপরিচালক দায়িত্বভার গ্রহণ করায় রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। একই সময়ে তিনি বিজিবির সামগ্রিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বাহিনীতে অত্যাধুনিক ড্রোনসহ আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে জানান বিজিবি মহাপরিচালক।
রাষ্ট্রপতি বলেন, সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে বিজিবির ভূমিকা গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি যুক্ত করার উদ্যোগের প্রশংসা করে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!