যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ PM ৬৬
দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। পরে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

বৈঠকে তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের ওপর নিপীড়নের অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, দলের বহু নেতা-কর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল বলে তাঁর দল মনে করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রা সহজ হয়েছে। তবে গণতন্ত্রকে আরও কার্যকর করার ক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ। তাঁর সরকার নাগরিকদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং প্রয়োজনীয় সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা শক্তিশালী করতে এই ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ।

আন্দা ফিলিপ জানান, তিনি বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন। সেখানে শিক্ষা ও কমিউনিটিভিত্তিক বিভিন্ন কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন তিনি।

বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথাও জানান আইপিইউ সেক্রেটারি।

তানজানিয়ায় অনুষ্ঠেয় আইপিইউর ১৫৩তম সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, এতে আইপিইউ ও বাংলাদেশের সংসদের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হতে পারে।

সাক্ষাতে গণতন্ত্রকে আরও কার্যকর ও টেকসই করার জন্য নাগরিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও বলেন আন্দা ফিলিপ।

নারী ও তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। তাঁদের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরে আইপিইউ সেক্রেটারি বলেন, তরুণ ও নারী সংসদ সদস্যরা উদ্যমী এবং আগ্রহী।

নারীর ক্ষমতায়নকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি এবং অনার্স পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনার কথা জানান।

এ ছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে তাঁদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!