ছবি: সংগৃহীত
বিএনপি কোনো ‘বটবাহিনী’ পরিচালনা করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও প্রতিরোধে স্বয়ংক্রিয় ফ্যাক্ট চেকিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে সরকার নিরপেক্ষভাবে কাজ করছে। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাইয়ের জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছে।
এ বিষয়ে শিগগিরই সংসদকে অবহিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় অন্যান্য দেশের অভিজ্ঞতাও বিবেচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পরামর্শ চলছে এবং একটি কার্যকর কাঠামো তৈরির আশা প্রকাশ করেন তিনি।
সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রেস কাউন্সিলের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থায় প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত অপতথ্য বা বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে অভিযোগের সুযোগ থাকলেও অনলাইন মাধ্যমে প্রকাশিত একই ধরনের কনটেন্টের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।
নিজের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একাধিক সংবাদ প্রকাশের অভিযোগ তুলে তিনি অনলাইন সংবাদমাধ্যমের বিষয়টি প্রেস কাউন্সিলের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেন। একই সঙ্গে প্রেস কাউন্সিলের আইন ও কার্যক্রম যুগোপযোগী করা হবে কি না, জানতে চান তিনি।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী জানান, প্রেস কাউন্সিলের কাঠামো পুনর্গঠনের কাজ চলছে। অনলাইন গণমাধ্যমের বিষয়টিও এ প্রক্রিয়ার মধ্যে বিবেচনা করা হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, অপতথ্য বা ব্যক্তিগত আক্রমণের শিকার শুধু বিরোধীদলীয় সদস্যরা নন। দেশের নারী, সরকারি দলের সদস্য এবং প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়েও বিভিন্ন ধরনের আক্রমণ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রেস কাউন্সিলকে নতুনভাবে গঠন করা হবে এবং পুরো প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
অপতথ্য মোকাবিলায় সরকার মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধের আন্তর্জাতিক অভিজ্ঞতা পর্যালোচনা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!