যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

অর্থঋণ আদালতের নিলামে কেনা সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট নয়: হাইকোর্ট

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ PM ১০৬
অর্থঋণ আদালতের নিলামে কেনা সম্পত্তিতে ১৫ শতাংশ ভ্যাট নয়: হাইকোর্ট

অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি হওয়া স্থাবর সম্পত্তির ওপর ভ্যাট আরোপ নিয়ে হাইকোর্টের রায়। ছবি: সংগৃহীত

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের নির্দেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে নিলাম ক্রেতাদের কাছ থেকে এই ভ্যাট আদায়ের নির্দেশের কোনো আইনগত কার্যকারিতা নেই বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নিলাম ক্রেতাদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব। এর আগে গত ১ সেপ্টেম্বর বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল ও সম্পূরক রুল চূড়ান্ত করে এ রায় দেন।

মামলার নথি অনুযায়ী, একটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ব্যাংকের কাছ থেকে নেওয়া কার্যকরী মূলধন ঋণ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করে। পরবর্তী সময়ে অর্থঋণ জারি মামলার অংশ হিসেবে অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(১) ধারায় বন্ধকি সম্পত্তিটি নিলামে তোলা হয়।

নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আবেদনকারীরা ২৪ কোটি টাকায় সম্পত্তিটি কেনেন এবং নির্ধারিত অর্থ পরিশোধ করেন। পরে অর্থঋণ আদালত নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি প্রযোজ্য স্ট্যাম্প ডিউটি জমা দেওয়ার নির্দেশ দেয়।

ওই নির্দেশের বিরুদ্ধে নিলাম ক্রেতারা হাইকোর্টে রিট করেন। এর আগে আদালতের একটি বেঞ্চ নিলাম ক্রেতাদের কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট ও স্ট্যাম্প শুল্ক নেওয়ার নির্দেশের বৈধতা নিয়ে রুল জারি করেছিলেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই নির্দেশের কার্যকারিতা স্থগিত করেছিলেন।

পরবর্তী সময়ে মামলাটির রুল ও সম্পূরক রুলের শুনানি হয় বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের বেঞ্চে। নিলাম ক্রেতাদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সাজিদ হাসান। জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।

রায়ে হাইকোর্ট বলেন, নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের জন্য নিলাম ক্রেতাদের দেওয়া অর্থঋণ আদালতের নির্দেশ আইনগত কর্তৃত্ব ছাড়াই জারি করা হয়েছে। ফলে ওই নির্দেশের কোনো আইনগত কার্যকারিতা নেই।

আদালত বিতর্কিত এসআরওর সেই অংশকেও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করেছেন, যেখানে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

আইনজীবীদের মতে, এই রায়ের ফলে অর্থঋণ আদালতের বিচারিক নিলামের মাধ্যমে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে ক্রেতাদের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ আইনি অবস্থান স্পষ্ট হলো। আদালত আরও বলেছেন, সংসদ কোনো সম্পত্তির বিক্রি বা হস্তান্তরকে আইনের মাধ্যমে ভ্যাট থেকে অব্যাহতি দিলে অধস্তন বা অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে সেই সম্পত্তির ওপর নতুন করে করের দায় তৈরি করা যায় না।

সম্পত্তি হাইকোর্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!