যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

অপরাধ দমনে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজের নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ PM ৬৮
অপরাধ দমনে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজের নির্দেশ রাষ্ট্রপতির

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশকে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তিনি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে রাষ্ট্রপতি অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি। সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি এসব বিষয়ে জনগণকে নিয়মিত তথ্য জানানোর এবং সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পরামর্শ দেন তিনি।

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও পুলিশকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে তিনি বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় কাজ করছে। বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।

এ সময় আইজিপি পুলিশ বাহিনীর মনোবল শক্ত রাখা, বাহিনীর আধুনিকায়ন এবং ডিজিটালাইজেশনের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!