যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন সময়সাপেক্ষ: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ PM ৫৮
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন সময়সাপেক্ষ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই সরকারের সব কাজ সম্পন্ন হবে—এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। বিশেষ করে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের মতো বড় প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নদী, খাল ও জলাশয় পরিষ্কারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল যৌথভাবে এ আয়োজন করে।

সরকারের কার্যক্রম নিয়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি উল্লেখ করে এ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর জনগণের ভোটে গঠিত সরকার মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তবে এত অল্প সময়ে সরকারের সব উদ্যোগের ফল দৃশ্যমান হবে—এমনটা আশা করা ঠিক হবে না।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ একটি চলমান কর্মসূচি। এত বড় কাজ ছয় মাসের মধ্যে শেষ করা সম্ভব নয়। তবে এর সুফল এরই মধ্যে মানুষ পেতে শুরু করেছে বলে দাবি করেন তিনি। খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশনসহ বিভিন্ন ক্ষেত্রে সুবিধা তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ্যানি বলেন, অতীতে বিভিন্ন নেতা নিজেদের দূরদর্শী হিসেবে তুলে ধরলেও এত বড় পরিসরে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার ভিত্তিতেই ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের এই কাজ হাতে নেওয়া সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না এবং ফটো শোয়ের রাজনীতিতেও বিশ্বাসী নয়।

বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মাথায় জামায়াত লংমার্চের কর্মসূচি ঘোষণা করছে। তার মতে, বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়; সরকারের ভুল-ত্রুটি চিহ্নিত করে তা সংশোধনে সহযোগিতা করাও প্রয়োজন। বিএনপিও বিরোধীদের কাছ থেকে এমন সহযোগিতা প্রত্যাশা করে বলে জানান তিনি।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পানিসম্পদ মন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!