যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

ধর্ম পালনে বাধা নয়, অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ PM ৫৫
ধর্ম পালনে বাধা নয়, অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় জন্মাষ্টমীর অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

দেশের সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ধর্ম পালনে বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা কিংবা মাস্তানি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজের ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি অনুযায়ী উৎসব পালন করবেন। অন্যের ধর্ম পালনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার মতো কোনো ঘটনার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, সমাজ থেকে বিভিন্ন ধরনের অপশক্তি দূর করার প্রয়োজন রয়েছে। অশুভ শক্তির বিরুদ্ধে যে সংগ্রাম চলছে, তাতে সব ধর্মের মানুষের সহযোগিতা প্রয়োজন। শ্রীকৃষ্ণের আবির্ভাবের ধর্মীয় তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, অশুভ শক্তির বিনাশের বার্তা থেকেই এ উৎসবের গুরুত্ব তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের জন্য আনন্দ, ভক্তি ও আস্থার গুরুত্বপূর্ণ দিন। এই উৎসবের সঙ্গে তাদের যে বিশ্বাস ও আবেগ জড়িয়ে আছে, তার প্রতি সংহতি জানাতেই তিনি অনুষ্ঠানে এসেছেন। ধর্মীয় উৎসব পালনে সরকার পাশে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।

ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে বিষয়ে সরকারের অবস্থান দৃঢ় বলে উল্লেখ করেন মো. আসাদুজ্জামান। তিনি আশা প্রকাশ করেন, সমাজের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করার ক্ষেত্রে সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ভূমিকা রাখবেন।

পরে আইনমন্ত্রী জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নেন। অনুষ্ঠানে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমে মজিদ, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ আইনমন্ত্রী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!