রাজধানীর নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দেশীয় উদ্ভাবনকে গবেষণাগার ও পরীক্ষামূলক পর্যায় থেকে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে গিয়ে বাজারের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সরকার সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রচেষ্টা ও উদ্যোগ নেবে। একই সঙ্গে উদ্ভাবক, উদ্ভাবনী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সহযোগিতা রাষ্ট্রের জন্য প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, ‘বর্তমান সরকার আমাদের যে কাঙ্খিত লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সকল চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। আপনাদের(উদ্ভাবক-উদ্ভাবনী প্রতিষ্ঠান-বিনিয়োগকারী) সহযোগিতা আমাদের প্রয়োজন, আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, আপনাদের এগিয়ে আসা রাষ্ট্রের জন্য প্রয়োজন।’
পরে দেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন, ‘আসুন আমরা সকলে মিলে এরকম একটি রাষ্ট্র গড়ে তুলতে কাজ করি যেখানে আমরা আমাদের কাঙ্খিত বাংলাদেশ সেই রাষ্ট্রকে গড়ে তুলতে সক্ষম হব। এখন আমি আনুষ্ঠানিকভাবে আজকের বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি।’
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের মেলার মূল প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’। দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়টি মেলায় গুরুত্ব পাচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নতুন স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং বৈশ্বিক বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন।
প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে এক হাজারের বেশি নতুন ও সম্ভাবনাময় উদ্ভাবন মেলায় প্রদর্শিত হচ্ছে। আয়োজকদের মতে, দেশের জন্য একটি শক্তিশালী জাতীয় ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
মেলার কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তর এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। কারিগরি অংশীদার হিসেবে রয়েছে জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামও বক্তব্য দেন।
মেলার দ্বিতীয় দিন রোববার স্বাস্থ্য খাতের উদ্ভাবন নিয়ে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন : সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান।
নভোথিয়েটার বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!