যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

সার সংকটের জন্য মজুতদারদের দায়ী করলেন কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ PM ৫১
সার সংকটের জন্য মজুতদারদের দায়ী করলেন কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে বলে দাবি করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তবে কিছু লোক সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের ঘাটতি নেই। কিছু ব্যক্তি সার মজুত করায় বাজারে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। এ ধরনের মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আমিন উর রশিদ। তার মতে, কৃষকদের অধিকার নিশ্চিত করা গেলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

পেঁয়াজ উৎপাদন ও সংরক্ষণ নিয়েও আশাবাদ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। তিনি জানান, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। এ কারণে এবার বাংলাদেশকে পেঁয়াজ আমদানি করতে নাও হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃষকদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন আমিন উর রশিদ। তিনি বলেন, বহু বছর পর জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার কৃষকদের জন্য বিভিন্ন কাজ করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কৃষকের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে।

এ সময় আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের কর্মসূচি সম্পর্কেও সাংবাদিকদের জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, ওই দিন সকালে পরশুরামের মুহুরি নদীর বন্যা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বৃক্ষরোপণসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রাত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!