যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬,২০ আশ্বিন ১৪৩৩

নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে আলোচনা, চূড়ান্ত হয়নি তারিখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ PM ৩৪
নভেম্বরে তারেক রহমানের দিল্লি সফর নিয়ে আলোচনা, চূড়ান্ত হয়নি তারিখ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নভেম্বরে সুবিধাজনক একটি সময়ে সফর আয়োজনের বিষয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সাম্প্রতিক কিছু টানাপোড়েনের মধ্যেও ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের নিয়মিত বৈঠক চলছে বলে দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য সফরের আলোচ্যসূচিতে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা এবং গঙ্গা পানি চুক্তি নবায়নের মতো বিষয় থাকতে পারে।

সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর অক্টোবর ও নভেম্বরেও তাঁর একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নভেম্বরে দিল্লি সফরের জন্য সময় নির্ধারণের চেষ্টা চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ১০ সেপ্টেম্বর দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছিল, তারেক রহমান ভারত সফরে আগ্রহী। তবে সফরের আগে এমন একটি সুনির্দিষ্ট এজেন্ডা চাওয়া হচ্ছে, যার মাধ্যমে সফর শেষে দৃশ্যমান অগ্রগতির বিষয় তুলে ধরা সম্ভব হবে। একই প্রতিবেদনে নভেম্বর বা ডিসেম্বরের শুরুর দিকে দ্বিপক্ষীয় সফরের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল।

এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, পানি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে জানা গেছে।

তবে সম্ভাব্য সফরের তারিখ, পূর্ণাঙ্গ কর্মসূচি এবং কোন কোন বিষয়ে বৈঠক হবে—এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে নভেম্বরে দিল্লি সফরের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়েই রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!