যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

২০২৯ সালের জুনের মধ্যে ৬ লেনে উন্নীত হবে ঢাকা-সিলেট মহাসড়ক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ PM ৫১
২০২৯ সালের জুনের মধ্যে ৬ লেনে উন্নীত হবে ঢাকা-সিলেট মহাসড়ক

ছবি:সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ ২০২৯ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ জাতীয় যোগাযোগপথগুলোর একটি। মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ ও নির্মাণকাজসহ সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি জানান, গত ছয় মাসে ভূমি অধিগ্রহণের অগ্রগতি প্রায় ৫৬ শতাংশে পৌঁছেছে। আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করার প্রত্যাশা রয়েছে।

প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতি তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, মোট ১৩টি প্যাকেজের মধ্যে আটটির কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে। বাকি পাঁচটি প্যাকেজে কাজের গতি প্রত্যাশার তুলনায় কম। এসব প্যাকেজে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন দেশের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক সংযোগের জন্য গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ হবে। এতে ওই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।

নির্মাণকাজের কারণে মহাসড়কের কিছু অংশে সাময়িক জনভোগান্তির বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখা এবং মানুষের দুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে গুণগত মান বজায় রাখার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব অংশে নির্মাণকাজের অগ্রগতি কম, সেখানে দ্রুত পদক্ষেপ নিয়ে কাজের গতি বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রী। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প শেষ করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের কথাও বলেন তিনি।

দিনব্যাপী সফরে শেখ রবিউল আলম সাসেক ঢাকা-সিলেট করিডোর প্রকল্পের কাঁচপুর-নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ অংশ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, প্রকল্পের কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা সিলেট সড়ক উন্নয়ন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!