যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ PM ৫৭
ফেনীতে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।

প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৫৪২ কোটি টাকা। ফেনীর দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলা, নদীর পানি নিষ্কাশন সক্ষমতা বাড়ানো এবং সেচব্যবস্থার উন্নয়নকে সামনে রেখে প্রকল্পটি নেওয়া হয়েছে।

প্রকল্পের আওতায় প্রায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ এবং ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখননের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। প্রকল্পের কাজ ২০৩০ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ প্রকল্পের মাধ্যমে মুহুরী ও কহুয়া নদীকেন্দ্রিক এলাকার বন্যার ক্ষয়ক্ষতি কমানো, কৃষি ও সেচ সুবিধা বাড়ানো এবং নদীতীরবর্তী জনপদের সুরক্ষা জোরদার হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

প্রকল্প উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী দিনব্যাপী ফেনী সফরে আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাঁর কর্মসূচির মধ্যে ফুলগাজীতে বৃক্ষরোপণ, রুফটপ সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ রয়েছে।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে সড়কপথে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা হন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তাঁর যাত্রা শুরু হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!