যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ PM ৫৪
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬

ঢাকায় অনুষ্ঠিতব্য বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর প্রচারচিত্র। ছবি : সবুজ নিশান

ঢাকায় আগামীকাল শনিবার শুরু হচ্ছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ (বিওবিসি)। পঞ্চমবারের মতো আয়োজিত এই সম্মেলন চলবে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিতব্য আয়োজনে শতাধিক দেশের দুই শতাধিক বক্তা, প্রায় ৩০০ ডেলিগেট এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী থাকবেন বলে জানিয়েছে আয়োজকরা।

এবারের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নিরাপত্তা ও সামরিক বিশেষজ্ঞ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সিজিএসের তথ্য অনুযায়ী, এবারের আলোচনার মূল প্রতিপাদ্য ‘Fragments • Frontiers • Futures: Navigating Power, Technology and Trust in a World Rewritten’।

শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, বঙ্গোপসাগরকে ঘিরে সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগের বিষয়গুলো দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এসব ক্ষেত্রে তৈরি হওয়া চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কার্যকর আলোচনা করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।

জিল্লুর রহমানের বক্তব্য অনুযায়ী, এবারের আয়োজনে ভূরাজনীতি, নিরাপত্তা, আস্থা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, মানবিকতা ও আঞ্চলিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পাবে। সিজিএসের আন্তর্জাতিক কার্যক্রমও আরও বিস্তৃত করার পরিকল্পনার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বলেন, সময়ের সঙ্গে বে অব বেঙ্গল কনভারসেশনের পরিসর বাড়ছে। বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা এবং টেকসই উন্নয়নসহ জটিল ও সংবেদনশীল বিষয়গুলোকে আলোচনার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তিনি সম্মেলনে অংশগ্রহণকারীদের বিভিন্ন সংলাপে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সিজিএস জানিয়েছে, সম্মেলনের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে রয়েছে পরিবর্তনশীল বিশ্বে ক্ষমতার ভারসাম্য, প্রযুক্তি ও তথ্যের প্রভাব, নতুন অর্থনৈতিক বাস্তবতা, জলবায়ু ও মানবনিরাপত্তা এবং আস্থা, গণতন্ত্র ও শাসনব্যবস্থা। এসব বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন প্লেনারি, কৌশলগত সংলাপ, নেতৃত্ব পর্যায়ের আলোচনা ও বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সিজিএসের পরিচালক সুবীর দাস, গবেষণা সহকারী তাসফিয়া রহমানসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, সম্মেলনের বিস্তারিত কর্মসূচি, আলোচকদের তালিকা ও বিভিন্ন অধিবেশনের সময়সূচি বিওবিসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সিজিএস বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!