ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, মহাত্মা গান্ধীর অহিংসা ও ভ্রাতৃত্বের শিক্ষা বর্তমান বিশ্বে আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সহিংসতা বাড়তে থাকায় মানবতা ও শান্তির পক্ষে গান্ধীর দেওয়া বার্তা বিশ্বের আরও বেশি মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকার ভারতীয় হাইকমিশনে মহাত্মা গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন দীনেশ ত্রিবেদী।
গান্ধীর জীবন ও দর্শনের প্রসঙ্গ তুলে ভারতীয় হাইকমিশনার বলেন, তাঁর চিন্তা ও আদর্শের ব্যাপ্তি অনেক বিস্তৃত। ‘যত মত, তত পথ’—এই বিশ্বাসের মাধ্যমে তিনি মানুষের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ধারণাকে গুরুত্ব দিয়েছেন। সাধারণ জীবনযাপন করেও গান্ধী অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি।
দীনেশ ত্রিবেদী বলেন, মহাত্মা গান্ধীর চিন্তা ও দর্শন মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা গেলে সমাজ ও মানবজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বহু বছর পেরিয়ে গেলেও মানবতার জন্য তাঁর দেওয়া শিক্ষা বিশ্বের মানুষের কাছে ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা ধরে রেখেছে।
অনুষ্ঠানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর অবদানের কথাও তুলে ধরেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, শাস্ত্রীর দেওয়া ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগানের সঙ্গে বর্তমান সময়ে ‘জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান’ যুক্ত হয়েছে।
অনুষ্ঠানে আলোচনা শেষে সাংস্কৃতিক আয়োজন ও ফ্যাশন শোর ব্যবস্থা করা হয়। গান্ধীর ১৫৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকার ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহীর সহকারী হাইকমিশনগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ঢাকায় ১৮ থেকে ২৬ বছর বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার তৈরি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচালনা করা হয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। এছাড়া দেশজুড়ে সেবামূলক ও সচেতনতামূলক নানা কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!