যুক্তরাষ্ট্র   বুধবার ১৪ অক্টোবর ২০২৬,২৮ আশ্বিন ১৪৩৩

তিন মাসের মধ্যে চুনকুটিয়ায় যাবে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:২৬ PM ৩৯
তিন মাসের মধ্যে চুনকুটিয়ায় যাবে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস

ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তরের কাজ সর্বোচ্চ তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ডিপো নির্মাণের জন্য ১০ একর জায়গা পাওয়া গেছে। সেখানে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর গুলিস্তান ও ফুলবাড়িয়া থেকে বাসগুলো চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে।

তিনি জানান, ঝিলমিল প্রকল্পে ডিপোর জন্য সরকার অনুমোদন দিয়েছে। পাশাপাশি রাজউকের মাধ্যমে আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়ার পরিকল্পনা রয়েছে। ওই জমিতে পরবর্তী সময়ে স্থায়ী টার্মিনাল ও ডিপো গড়ে তোলা হবে।

পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণবঙ্গের ১৯ জেলার যাত্রীবাহী পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকগুলোও ওই এলাকায় স্থানান্তর করা হবে বলে জানান তিনি।

স্থানান্তরের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, সর্বোচ্চ তিন মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। কাজ শেষ হলেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো সেখানে স্থানান্তর করা হবে।

এর আগে মহাখালী বাস টার্মিনালের বাসগুলো পূর্বাচলের ডিপোতে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া চলছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার পরিবহন ব্যবস্থাপনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার।

মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষ্য, নির্ধারিত শৃঙ্খলা ও নিয়মের মধ্যেই টার্মিনালের কার্যক্রম পরিচালনা করা হবে। কেউ অনিয়মের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!