যুক্তরাষ্ট্র   শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬,৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকার বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ PM ৩৯
ঢাকার বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ইনার সার্কুলার রিং রোডের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

রাজধানীর যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পের বাস্তবায়নে যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। সভায় প্রকল্পের বর্তমান অবস্থা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্টদের প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কাজের গতি বাড়িয়ে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

প্রকল্প বাস্তবায়নে থাকা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা দ্রুত দূর করার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রকল্পটি শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের জুলাইয়েও ইনার সার্কুলার রিং রোডসহ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথ ব্যবহারের অবকাঠামো প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়েছিল। ওই সময় প্রকল্পের মাধ্যমে রাজধানীর যানজট কমানোর পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

রোববারের সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!