ছবি: সংগৃহীত
ঢাকার যানজট নিরসনে প্রস্তাবিত অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ‘ইনার সার্কুলার রিং রোড’ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনায় অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বর্তমান পরিকল্পনা পর্যালোচনা করতে বলা হয়। একই সঙ্গে নির্মাণকাজে গতি এনে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প শেষ করার জন্য বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের কথাও বলেন তিনি।
রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা মোকাবিলায় ইনার সার্কুলার রিং রোডকে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে সভায় প্রকল্পের সংশোধিত ব্যয়, নির্দিষ্ট নির্মাণসূচি বা কাজ শেষ হওয়ার সম্ভাব্য তারিখ সম্পর্কে নতুন কোনো তথ্য জানানো হয়নি।
পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!