ছবি:সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের এই সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর তিনি ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি চলছে। তবে সফরের নির্দিষ্ট যাত্রার তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এই আমন্ত্রণ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর জাপান সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি ও অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে।
এদিকে, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন জাপানের পক্ষ।
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে বাংলাদেশও সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।
প্রধানমন্ত্রী জাপান সফর ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!