যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

দুর্যোগ মোকাবিলায় শিশু-কিশোরদের সচেতন করছে এসডিএস, জাজিরা-নড়িয়ায় নানা কর্মসূচি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ PM ৪০
দুর্যোগ মোকাবিলায় শিশু-কিশোরদের সচেতন করছে এসডিএস, জাজিরা-নড়িয়ায় নানা কর্মসূচি

ছবি:সংগৃহীত

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও সচেতনতা বাড়াতে শিশু-কিশোরদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় এসব কর্মসূচির আয়োজন করা হয়।

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করে এসডিএসের ক্লাইমেট প্রজেক্ট। এসব উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের দুর্যোগ প্রস্তুতি, সচেতনতা ও নেতৃত্বের বিকাশে গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে জাজিরা উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন, ক্লাইমেট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব চক্রবর্তীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এসডিএসের ক্লাইমেট প্রজেক্টের দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও আল ইমরান বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করলে তাদের মেধা এবং নেতৃত্বের বিকাশ ঘটে। দুর্যোগ মোকাবিলায়ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ নেওয়ায় তিনি এসডিএসকে ধন্যবাদ জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসরাফিল হোসেন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের সচেতনতা, অংশগ্রহণ ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশকে আরও দুর্যোগসহনশীল দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

আয়োজকেরা জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এসডিএসের ক্লাইমেট প্রজেক্ট ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া, র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিদ্যালয় পর্যায়ে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্যোগবিষয়ক জ্ঞান ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।

এসডিএসের বাস্তবায়নাধীন ক্লাইমেট প্রকল্পের পূর্ণ নাম ‘চিলড্রেন অ্যান্ড ইয়ুথ লিডিং ইনক্লুসিভ মুভমেন্টস ফর অ্যাডাপটেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল রেজিলিয়েন্স’। প্রকল্পটি জাজিরা উপজেলার জাজিরা, কুন্ডেরচর ও পূর্ব নাওডোবা ইউনিয়ন এবং নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দুর্যোগ প্রস্তুতি জোরদার এবং শিশু-কিশোর ও তরুণদের নেতৃত্ব বিকাশের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও দুর্যোগসহনশীল সমাজ গড়ে তোলা প্রকল্পটির অন্যতম লক্ষ্য। সুইডেনভিত্তিক দাতা সংস্থা বার্নফন্ডেনের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

শিশু-কিশোরদের দুর্যোগ সচেতনতা দুর্যোগ মোকাবিলা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!