যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩০

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৭ PM ৪২
রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৩০

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে এক দিনে ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা করা হয়েছে। অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্যের পাশাপাশি মোবাইল ফোন, নগদ টাকা এবং বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক গ্রেপ্তারের সংখ্যায় শীর্ষে রয়েছে মিরপুর। এ বিভাগ থেকে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৬ জন, তেজগাঁওয়ে ৬৩ জন, মতিঝিলে ৫৯ জন, লালবাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন, গুলশানে ৩৬ জন এবং রমনা বিভাগে ২৭ জন গ্রেপ্তার হয়েছেন। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৯ কেজি গাঁজা, ৪ গ্রাম হেরোইন ও দুই বোতল বিদেশি মদ। এ ছাড়া বিস্ফোরিত ককটেলের টুকরা ও পেরেক, ১৪টি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!