যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

নিয়মিত ছাত্র নন, তবুও রাবিতে শিবির-ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে একাধিক নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ০৪:২৪ PM

১১
নিয়মিত ছাত্র নন, তবুও রাবিতে শিবির-ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে একাধিক নেতা

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি প্রধান ছাত্রসংগঠন—বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে এমন একাধিক নেতা রয়েছেন, যারা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী নন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, অনার্স ও নিয়মিত মাস্টার্সের বাইরে এমফিল, সান্ধ্যকালীন মাস্টার্স বা স্বল্পমেয়াদি ভাষা শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য করা হয় না।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে দায়িত্ব পালনকারী কয়েকজন নেতা বহু আগেই নিয়মিত শিক্ষাজীবন শেষ করেছেন। এরপরও তারা বিভিন্ন কোর্সে ভর্তি থেকে সংগঠনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত বছরের ১৬ আগস্ট প্রকাশিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি করা হয় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুলতান আহমেদ রাহীকে। সাধারণ সম্পাদক হন সঙ্গীত বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সর্দার জহুরুল ইসলাম।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও দীর্ঘদিন আগে নিয়মিত শিক্ষাজীবন শেষ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ছাত্রদলের খসড়া গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে, অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরাই সংগঠনের সদস্য হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

চলতি বছরের ১ জানুয়ারি ঘোষিত ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে সভাপতি হন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল এবং সেক্রেটারি হন আরবি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তথ্য অনুযায়ী, তারাও বর্তমানে নিয়মিত শিক্ষার্থী নন।

ছাত্রশিবিরের সংবিধানের সদস্যপদ-সংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোনো সদস্যের ছাত্রজীবন শেষ হলে পরীক্ষার ফল প্রকাশের পর কেন্দ্রীয় সভাপতির অনুমোদনের মাধ্যমে তার সদস্যপদের সমাপ্তি ঘটবে।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখা-১-এর উপ-রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫৯টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের অনার্স এবং নিয়মিত মাস্টার্সের শিক্ষার্থীদেরই নিয়মিত শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তিনি জানান, সান্ধ্যকালীন মাস্টার্স বা ভাষা শিক্ষা কোর্সে অধ্যয়নরতরা আবাসিক হল, পরিবহন, চিকিৎসাসেবা কিংবা সমাবর্তনের মতো নিয়মিত শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা পান না। তাই তাদের নিয়মিত শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা হয় না।

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তিনি বর্তমানে এমফিলে ভর্তির জন্য আবেদন করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, শিবিরের সভাপতি যেভাবে নেতৃত্বে আছেন, তিনিও একইভাবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সংগঠনের একাধিক সূত্র জানায়, তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ (আইইএএল)-এর একটি স্বল্পমেয়াদি ভাষা শিক্ষা কোর্সে অধ্যয়ন করছেন।

অন্যদিকে, ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন।

শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান জানান, তিনি ২০২৫ সালে মাস্টার্স শেষ করার পর বর্তমানে আরবি বিভাগে এমফিল করছেন। তার দাবি, এ বিষয়ে ছাত্রশিবিরের গঠনতন্ত্রে কোনো বাধা নেই।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!