রংপুরে নিহত স্কুলশিক্ষক ও তার পরিবারের সদস্যদের ছবি এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
রংপুরে স্কুলশিক্ষক ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রংপুরে স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান রংপুরের ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি অপরাধের প্রসঙ্গ তুলে ধরেন।
তার পোস্ট অনুযায়ী, রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রীয়ম চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চারজনের মৃত্যুর ঘটনাকে নিন্দনীয় ও বেদনাদায়ক উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এ ধরনের অপরাধে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রংপুরের ঘটনার সঙ্গে তিনি ঢাকায় এক চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি ও হামলা এবং ময়মনসিংহে এক পশুচিকিৎসকের কাছে চাঁদা দাবি ও হামলার ঘটনাও উল্লেখ করেন।
এসব ঘটনার উদাহরণ টেনে জামায়াত আমির দাবি করেন, দেশে সামাজিক অপরাধ, হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। তার মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং তারা এর সমাধান চায়।
রংপুরের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান।
বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ জানান তিনি। তার বক্তব্য, একের পর এক অপরাধের ঘটনায় ভুক্তভোগীরা যথাযথ বিচার না পেলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে।
শফিকুর রহমান সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
রংপুর হত্যাকাণ্ড শফিকুর রহমান
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!