যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৫:৩২ PM ৩৯
বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের বৈঠক

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদকে আরও কার্যকর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ সফররত ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং সংসদের কার্যক্রমে সরকারি ও বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ডা. শফিকুর রহমান সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে বিরোধী দলের দায়িত্ব ও ভূমিকার বিষয়টি তুলে ধরেন। একই সঙ্গে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে উভয় পক্ষের নিয়মিত আলোচনা ও সংলাপ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

বৈঠকে সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানো এবং তরুণ সংসদ সদস্যদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার বিষয়েও মতবিনিময় হয়। এসব বিষয় আইপিইউর অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

আইপিইউ মহাসচিব আন্দা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠক শেষে দুই পক্ষ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করে।

সাক্ষাতে আইপিইউ মহাসচিবের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো-এ অ্যাংগোরো উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে আহত চারজন—জসীমউদ্দিন খান, কামরুল হাসান, রিফাত হাওলাদার ও জাকির শিকদারও বৈঠকে অংশ নেন।

আইপিইউ জামায়াত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!