যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

অত্যাচার সহ্য করেও দেশ ছাড়িনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ PM ৪৩
অত্যাচার সহ্য করেও দেশ ছাড়িনি: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, নানা ধরনের নির্যাতন ও রাজনৈতিক চাপের মুখেও তিনি দেশ ছেড়ে যাননি। কঠিন সময়েও দেশের মানুষের সঙ্গে থেকে পরিস্থিতি মোকাবিলা করেছেন বলে দাবি করেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের পথে ফেনীর মহীপালে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের বাইরে তাদের কোনো বিকল্প ঠিকানা নেই। তাদের ওপর নানা সময় নির্যাতন চালানো হলেও তারা বিদেশে আশ্রয় নেননি। বাংলাদেশকেই নিজেদের গর্ব ও স্থায়ী ঠিকানা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের সুখে-দুঃখে তারা সবসময় পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকার প্রত্যয় রয়েছে।

বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হলেও এর একটি সিদ্ধান্ত মেনে নেওয়া হচ্ছে এবং অন্যটি নিয়ে ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সরকারকে রাজনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন আলোচিত ঘটনার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান ডা. শফিকুর রহমান। তার বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ড, জুলাইয়ের গণহত্যা এবং শাপলা চত্বরের ঘটনার বিচার প্রসঙ্গ উঠে আসে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের মেয়াদ কয়েক মাস পার হলেও বিচারকার্যে দৃশ্যমান অগ্রগতি নেই। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

দেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক পরিস্থিতি চলেছে, সেটি ফিরিয়ে আনার কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের অধিকার ক্ষুণ্ন হলে বিরোধী দল রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে বলেও জানান তিনি।

সমাবেশে উপস্থিত তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি, যেখানে মানুষ অন্যায় ভয় ও চাপের বাইরে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। তরুণদের ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে জামায়াত আমির অভিযোগ করেন, রাজপথে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন হলে তাদের উত্থাপিত ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

ফেনীর পথসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

পথসভা শেষে কেন্দ্রীয় নেতারা বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!