ছবি: সংগৃহীত
ইসলামী ছাত্রশিবিরকে নিয়ে বিভিন্ন সময় অপপ্রচার ও অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তাঁর দাবি, আগে সংগঠনটির নেতাকর্মীদের ‘রাজাকার’ ও ‘যুদ্ধাপরাধী’ বলা হলেও এখন ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করে সমালোচনা করা হচ্ছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রশিবির আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। এমনকি একই অনুষ্ঠানে বা আলোচনায় একসঙ্গে অংশ নেওয়ার পরও তাদের ‘গুপ্ত’ বলে অভিহিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি সমালোচকদের উদ্দেশে ছাত্রসংগঠনগুলোর সাংগঠনিক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে ছাত্রশিবিরের কর্মকাণ্ডও মানুষের সামনে উপস্থাপনের কথা বলেন তিনি।
জাহিদুল ইসলাম আরও অভিযোগ করেন, বিভিন্ন সমালোচনার ক্ষেত্রে শেষ পর্যন্ত ছাত্রশিবিরের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়। এ প্রসঙ্গে তিনি অতীতের একটি সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করেন।
তবে তিনি কোন সংবাদ সম্মেলনের কথা বলেছেন বা সেখানে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে অনুষ্ঠানে বিস্তারিত তথ্য দেননি।
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির জেলা সেক্রেটারি আবু আহমেদ। এতে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!