যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঐক্য, জনসম্পৃক্ততা ও নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব
সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ PM | সর্বশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ PM ৩২
সিডনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিডনি, অস্ট্রেলিয়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিডনির Wiley Park-এ আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করেছে বিএনপি অস্ট্রেলিয়া। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোরম ও সৌরোজ্জ্বল আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় গুরুত্ব পায়। কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির আরও সক্রিয় জনসম্পৃক্ততা প্রয়োজন। বিশেষ করে জনগণ ও নতুন প্রজন্মের কাছে দলের রাজনৈতিক দর্শন, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা আরও কার্যকরভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা জাতীয় শিক্ষাক্রমে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিক মূল্যবোধ ও চরিত্র গঠনের বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের জন্য বিএনপি অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান এবং উপস্থিত নেতাকর্মী ও কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস আলমি আয়োজকদের ধন্যবাদ জানান। বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহ জে মিয়া পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ঐক্য, সাংগঠনিক সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বিএনপি অস্ট্রেলিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহ জে মিয়া পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ঐক্য, সাংগঠনিক সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তিনি তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উদ্ভাবনে দক্ষ করে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশে-বিদেশে থাকা তরুণদের জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশকে ঘিরে তাঁর স্বপ্নের কথা বিশেষভাবে স্মরণ করেন। পরিবর্তিত সময়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেই দর্শনের মূল চেতনা ধারণ করে একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পুরো অনুষ্ঠানটি আয়োজন করা হয় বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলীর সার্বিক তত্ত্বাবধানে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার সহসভাপতি আশরাফুল ইসলাম, সেলিম লোকিয়ত, মোবারক হোসেন ও শাহ আলম; সিনিয়র যুগ্ম সম্পাদক ইলিয়াস কাঞ্চন শাহীন; যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান (মুন্না); সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম শফিক এবং সহকারী সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার কোষাধ্যক্ষ এ কে এম মঞ্জুরুল হক আলমগীর, আশওয়াদুল হক বাবু, আবিদা সুলতানা, হাসনা হেনা, মোহাম্মদ আলম, বাদশা বুলবুল এবং শরিফুল ইসলাম শিবলীসহ বিএনপি অস্ট্রেলিয়ার অন্যান্য নেতাকর্মী ও কমিউনিটির সদস্যরা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান (মুন্না) ও শহীদুল আলম শফিক।

প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, অস্ট্রেলিয়ায় নতুন প্রজন্মের বাংলাদেশিদের সম্পৃক্ত করা এবং পরিবর্তিত বাংলাদেশের জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত রাজনৈতিক রূপরেখা জনগণের সামনে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!