যুক্তরাষ্ট্র   বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬,১ আশ্বিন ১৪৩৩

আপস না করার মূল্য নিয়েই আক্ষেপ আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ PM ১২
আপস না করার মূল্য নিয়েই আক্ষেপ আসিফ মাহমুদের

আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতি, ক্ষমতাবানদের প্রভাব এবং রাজনৈতিক সমঝোতার সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ মাহমুদ।

সততার সঙ্গে অবস্থান ধরে রাখার বিষয়টিকে রাজনীতিতে নিজের জন্য কঠিন অভিজ্ঞতা হিসেবে তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুর্নীতির অভিযোগ, ক্ষমতাবানদের সঙ্গে সমঝোতা এবং নিজের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নানা মন্তব্য করেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে দেওয়া ওই পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ টানেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, ওই পরিমাণ তো নয়ই, এমনকি এর এক শতাংশ অর্থাৎ ১১০ কোটি টাকার দুর্নীতিতেও তিনি জড়িত থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিত না।

রাষ্ট্রীয় ব্যবস্থায় দুর্নীতির প্রভাব নিয়ে সমালোচনা করে তিনি আরও লেখেন, কয়েক কোটি টাকা খরচ করেই পুরো ব্যবস্থা প্রভাবিত করা সম্ভব। তার দাবি, যথাস্থানে ‘সালামি’ ও উপহার পাঠানো হলে হাজার হাজার অভিযোগও তদন্তের পর্যায়ে যায় না।

এ প্রসঙ্গেই নিজের অবস্থান নিয়ে আক্ষেপ প্রকাশ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, অনেক সময় তার মনে হয়, সৎ থাকাটাই যেন সবচেয়ে বড় অপরাধ। একই সঙ্গে এস আলমের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিপুল অর্থের কারণে রাষ্ট্রের লাখ কোটি টাকা লোপাটের পরও প্রভাবশালীরা টিকে যায়।

সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন সিদ্ধান্তের কথাও পোস্টে তুলে ধরেন তিনি। আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী, বড় নেতাদের সন্তানদের সঙ্গে সমঝোতা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে কাউকে বসাতে রাজি হননি। সিটি করপোরেশনে কাউকে বসানোর ক্ষেত্রেও সহযোগিতা করেননি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া গণপ্রতিরক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে তরুণদের সামরিক প্রশিক্ষণ শুরু করা এবং ভারতীয় দূতাবাসসহ কূটনৈতিক এলাকার গুরুত্বপূর্ণ সড়কের নাম ফেলানীর নামে করার কথাও উল্লেখ করেন তিনি।

এসব সিদ্ধান্তের পরও রাজনীতিতে টিকে থাকাকে নিজের জন্য বড় বিষয় হিসেবে দেখেছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, নীতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জনস্বার্থের প্রশ্নে তিনি কখনো মাথা নত করেননি।

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে শুভাকাঙ্ক্ষীদের সমালোচনার কথাও উল্লেখ করেছেন তিনি। আসিফ মাহমুদের ভাষ্য, অনেকেই সমঝোতার পথে না গিয়ে সরাসরি অবস্থান নেওয়া বা চ্যালেঞ্জ গ্রহণকে তার ভুল সিদ্ধান্ত হিসেবে মনে করেন। তবে তিনি মনে করেন, রাজনীতিতে আপস করে চললে হয়তো ব্যক্তিগতভাবে আরও ভালো থাকা সম্ভব ছিল; কিন্তু সেক্ষেত্রে সারা জীবন নিজের বিবেকের কাছে জবাবদিহি করতে হতো।

পোস্টের শেষাংশে আসিফ মাহমুদ দাবি করেন, তিনি এমন ক্ষমতাবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সঙ্গেও আপস করেননি, যাদের বিরুদ্ধে কথা বলার সাহস রাষ্ট্রের অনেকেরই নেই।

সবশেষে তিনি লেখেন, ‘এমনটা তো হওয়ারই ছিল।’

আসিফ মাহমুদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!