যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

সরকারের ভেতরের একটি অংশ আওয়ামী লীগকে ফেরাতে চায়: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ PM ৬৬
সরকারের ভেতরের একটি অংশ আওয়ামী লীগকে ফেরাতে চায়: পরওয়ার

ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মিয়া গোলাম পরওয়ার; ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে—সরকারের মন্ত্রী ও নেতাদের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই। তিনি সংশ্লিষ্টদের কাছে এ দাবির পক্ষে প্রমাণ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাংগঠনিক সফরে ঝিনাইদহে গিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের ভেতরে থাকা একটি অংশ এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগ সরকারের সহযোগীদের একটি চক্র নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য কাজ করছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ দলটির বিভিন্ন কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে কীভাবে অনুষ্ঠিত হওয়ার সুযোগ পেয়েছে, তা তদন্তের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকার পরও একই সময়ে দেশের বিভিন্ন জেলায় নিষিদ্ধ একটি দলের নেতা-কর্মীরা কীভাবে মিছিলের সুযোগ পেলেন—এ প্রশ্ন তোলেন জামায়াতের এই নেতা। এসব ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও আসামি করার অভিযোগও করেন তিনি।

জ্বালানি খাতে ভর্তুকি ও লোকসান প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করে পরওয়ার বলেন, রাষ্ট্রকে শুধু লাভ-লোকসানের হিসাবে পরিচালনা করা যায় না। তাঁর ভাষ্য, রাষ্ট্র জনগণের সেবামূলক সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের কর ও খাজনা থেকেই রাষ্ট্রের রাজস্ব আসে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়েও আপত্তি জানান তিনি। তাঁর দাবি, সরকার ভর্তুকি দিতে চাইলে তা দিতে পারে; কিন্তু ছয় মাসে তিনবার মানুষের ওপর দ্রব্যমূল্যের চাপ বাড়ানো গ্রহণযোগ্য নয়। জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন থেকে শুরু করে উৎপাদন, বিপণন, কৃষি ও সেচসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়ে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ তুলে পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ দেশকে নিরাপত্তাহীন মনে করছে না। তাঁর দাবি, শেখ হাসিনা বিদেশে থেকে যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারত থেকে যে সমর্থন পাচ্ছেন, সেটিই বাংলাদেশের জন্য হুমকি তৈরি করছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিতে হবে। শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এভাবে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না।

এর আগে সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল এবং কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!