বিএম কলেজ শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত
বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে বিএম কলেজের মসজিদ গেটসংলগ্ন প্রধান সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে তারা অবরোধ তুলে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার (২৯ জুন) দুপুরে নগরীর নতুন বাজার এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় বিএম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহর ওপর হামলা চালানো হয়। তাদের দাবি, হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী জড়িত। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগ শোনা হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে কলেজ প্রশাসন জানিয়েছে।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!