যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬,১২ শ্রাবণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬, ০৬:২৯ PM

১৭
দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ছবি : সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঘাসুড়িয়া বিওপির দায়িত্বাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০ এস এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় সীমান্ত থেকে কয়েকজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নিয়ে তা প্রতিহত করেন। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

স্থানীয় সূত্রের দাবি, ভারতের শ্রী রামপুর এলাকার দিক থেকে ওই নারীদের সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি ও এলাকাবাসীর বাধার মুখে তা সম্ভব হয়নি।

কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, ভোরে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির তৎপরতার কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি কিছুটা বাড়ায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নিরাপত্তা নিশ্চিতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!